ফুটবল খেলোয়াড় দলবদল শেষ

স্পোর্টস রিপোর্টার

ফুটবল খেলোয়াড় দলবদলের শেষ দিনে রাত  ৮টা বেজে গেলেও আবাহনী, রহমতগঞ্জ এবং ব্রাদার্স রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি বলে জানায় কম্পিটিশিন ডিপার্টমেন্ট। কখন আসবে তাও জানাতে পারেনি। সমর্থকনির্ভর আবাহনী গত কয়েক বছর ধরে দায়সারাভাবে বাফুফেতে খেলোয়াড় তালিকা পাঠায়।  আবাহনীর মতো দেশসেরা সংগঠন সুন্দর পরিকল্পনায় খেলোয়াড় রেজিস্ট্রেশন করালে সংবাদ মাধ্যমের কল্যাণে সমর্থকরাও প্রিয় দল সম্পর্কে আরো বেশি জানতে পারে। তা না হলে অন্ধকারে থেকে যান পোড়খাওয়া সমর্থকরা। বঞ্চিত হন তারা। ভ্রুক্ষেপ নেই আবাহনীর ফুটবল কর্তাদের। অথচ তুলনায় সবদিক থেকে পিছিয়ে মোহামেডান রেজিস্ট্রেশন করাল গুছিয়ে। বাফুফে জানায়, মোহামেডান, শেখ রাসেল, সাইফ স্পোর্টিং, আরামবাগ, মুক্তিযোদ্ধা সংসদ এবং চট্টগ্রাম আবাহনী খেলোয়াড় তালিকা জমা দেয়। আর আগের দিন শেখ জামাল এবং বসুন্ধরা কিংস নাম রেজিস্ট্রেশন করায়।