ক্রাইম পেট্রোল দেখে ডাকাতির পরিকল্পনা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত মধ্যরাতে যশোরের চৌগাছা উপজেলা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ডাকাতির মূল পরিকল্পনাকারী জীবননগর উপজেলার দেহাটি গ্রামের সাফাতুজ্জামান রাসেল (৩০), একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে রফি (২৩), মফিজুলের ছেলে মাহফুজ আহম্মেদ আকাশ (১৯) এবং আখতারুজ্জামান বাচ্চুর ছেলে হৃদয় (২২)।

এ সময় ব্যাংক থেকে লুট হওয়া ৫ লাখ ৩ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত দুটি খেলনা পিস্তল, দুটি হেলমেট, দুটি চাপাতি, দুটি মোটরসাইকেল ও পিপিই উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, গত ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে সোনালী ব্যাংক শাখায় ডাকাতি হয়। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে ব্যাংকের নিরাপত্তা প্রহরীসহ সবাইকে জিম্মি করে ৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডাকাতদের গ্রেফতারসহ লুট হওয়া অর্থ উদ্ধারে অভিযানে নামে। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের অবস্থান নিশ্চিত করাসহ তাদের কথোপকথন রেকর্ড করা হয়। পরে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, ভারতীয় সনি টিভির সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে এই চারজন ব্যাংক লুট করায় উদ্বুদ্ধ হয়। সে অনুযায়ী তারা প্রশিক্ষণ নেয়। পরিকল্পনা অনুযায়ী অনলাইন মার্কেট প্লেস দারাজ থেকে খেলনা পিস্তল সংগ্রহ করে। পরে তারা উথলী বাজারে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় ডাকাতি করে।

 

ইত্তেফাক/ইউবি