নারী বিশ্বকাপের সূচি প্রকাশ

করোনা ভাইরাসের আগমন না হলে আগামী বছরই নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতো নারী ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু মহামারির প্রাদুর্ভাবে টুর্নামেন্ট এক বছর পিছিয়ে নিতে বাধ্য হয় আইসিসি। তবে করোনাকে এক পাশে রেখে এখন ক্রিকেট চলছে হরদমে। তাই এমন বাস্তবতায় নারী বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে আইসিসি। ২০২২ সালের ৪ মার্চ বে ওভালে শুরু হয়ে ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে ফাইনালের মধ্য দিয়ে ইতি টানবে এই আসর।  টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল। রাউন্ড রবিন ভিত্তিতে প্রতিটি দল মুখোমুখি হবে একে অপরের। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা শীর্ষে চার দলকে নিয়ে মাঠে গড়াবে সেমিফাইনালের লড়াই। র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে থাকায় টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণ করবে স্বাগতিক নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।