দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত তিন মাসের মধ্যে সর্বোচ্চসংখ্যক মৃত্যু শনাক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ২১ সেপ্টেম্বর ৪০ জনের মৃত্যু শনাক্ত হয়। এরপর মৃতের সংখ্যা কোনো দিনই ৪০-এর কোঠায় পৌঁছায়নি। এখন পর্যন্ত মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১২৯।
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১ হাজার ৮৭৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৮৮৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে, অর্থাত্ সর্বমোট ১৪০টি ল্যাবে ১৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৫ হাজার ৫১২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৮৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ লাখ ৯৯ হাজার ৩৬৫টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৬ হাজার ১৪৭টি।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৬ জন পুরুষ আর নারী ১৪ জন। তাদের মধ্যে ৩৯ জন হাসপাতালে এবং এক জন বাড়িতে মারা গেছেন। তাদের মধ্যে ২৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, সাত জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।