রাজশাহীতে দুই যুবকের পায়ে ‘পেরেক ঢুকিয়ে’ বর্বর নির্যাতন!

রাজশাহীর তানোর উপজেলায় চোর সন্দেহে দুই যুবকের পায়ের ভেতর পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন উপজেলার মোহর গ্রামের ইসাহাক আলীর ছেলে সেলুন মালিক ফিরোজ কবির (২৪) ও একই গ্রামের আমজাদ আলীর ছেলে ট্রলি চালক জসিম উদ্দীন (২৮)। চিকিত্সকরা তাদের পায়ের ভেতর থেকে পেরেক বের করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ মঙ্গলবার বিকেল পর্যন্ত মামলা নথিভুক্ত করেনি।

তাদের স্বজনা অভিযোগ করেন, ফিরোজের পায়ে হাতুড়ি দিয়ে পেরেক পুঁতে দেওয়ার পাশাপাশি জসিমকে রড ও হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। এছাড়া তাদের একটি মোটরসাইকেল ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসী জানান, রবিবার রাত ৯টার দিকে ঐ দুই জন মোটরসাইকেলে করে দেবীপুর গ্রামে আত্মীয় বাড়ি যান দাওয়াত খেতে। সেখান থেকে ফেরার পথে বেশ কয়েক জন তাদের চোর সন্দেহে আটক করে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর তাদের মোটরসাইকেল ভাঙচুর করার পাশাপাশি রাতভর নির্যাতন করা হয়।

কামাল বলেন, সোমবার বেলা ১১টার দিকে তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম এসে ফিরোজের মায়ের জিম্মায় দিয়ে তাদের কোনো অভিযোগ নেই বলে মুছলেকা নিয়ে দুইজনকে ছেড়ে দেন।

তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ফিরোজের বাবা অভিযোগ দিয়েছেন। আব্দুর রহিমসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।