জনগণের ইচ্ছার জয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোটে জয়ের পর জো বাইডেন বলেছেন, আইনের শাসন, সংবিধান ও জনগণের ইচ্ছার জয় হয়েছে। তিনি নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এই ফলও গ্রহণ করবেন না বলেই জানা গেছে। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ২৩২ ইলেকটোরাল কলেজ ভোটের বিপরীতে বাইডেন ৩০৬ ভোটে জয় নিশ্চিত করেছেন। এদিকে নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের জেরে আগামী সপ্তাহেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। খবর বিবিসি ও সিএনএনের

স্থানীয় সময় সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, বহুদিন আগেই যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের শিখা জ্বালানো হয়েছিল। মহামারি কিংবা ক্ষমতার অপব্যবহার সেই শিখাকে নিভিয়ে দেওয়া দিতে পারবে না। ভোটের ফলাফল নিয়ে ট্রাম্প এবং তার সহযোগীদের আদালতে দৌঁড়ানো নিয়েও মন্তব্য করেছেন বাইডেন। তিনি বলেন, এমন প্রাণপণ চেষ্টা আগে দেখা যায়নি। ধন্যবাদ সুপ্রিম কোর্ট সেই আবেদন বাতিল করেছে। তিনি ট্রাম্পের নির্বাচনে জালিয়াতির দাবিকে প্রত্যাখ্যান করেছেন। ‘আমি সব আমেরিকার প্রেসিডেন্ট’ উল্লেখ করে বাইডেন দেশবাসীর উদ্দেশে বলেন, এখন পাতা উলটে দেখার সময় এসেছে। এটা হলো ঐক্য ও ক্ষত মেরামত করার সময়। এই লড়াইয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ভাষণের মধ্যে বাইডেনকে কাশি দিতে দেখা যায়। পরে এর ব্যাখ্যায় তিনি সাংবাদিকদের বলেন, তার ঠান্ডা লেগেছে।

পরবর্তী পদক্ষেপে যা হবে

ইলেকটররা সাধারণত দলের প্রার্থীর বাইরে বিরোধীকে ভোট দেন না। তবে ভোট দেওয়ার ইতিহাসও আছে। যদিও এবার সেই ঘটনা ঘটেনি।  ভোটের ফল ওয়াশিংটন ডিসিতে পাঠানো হবে এবং কংগ্রেসের যৌথ অধিবেশনে আগামী ৬ জানুয়ারি আনুষ্ঠানিক গণনা হবে। ঐ অধিবেশনে সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এটাই আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথ নেওয়ার পথ তৈরি করবে। জানা গেছে, এখন কংগ্রেসে রিপাবলিকান বাধা তৈরি করলেও বিলম্ব ছাড়া ফল পরিবর্তনের কোনো সুযোগ নেই। গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে ইলেকটোরাল কলেজের ভোটে বাইডেন জয়ী হলে তিনি জানুয়ারিতে অফিস ছেড়ে যাবেন। যদিও নির্বাচনে জালিয়াতির অভিযোগ তিনি ক্রমাগতভাবে করেই যাচ্ছেন, কিন্তু তার কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। তার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ট্রাম্প প্রকাশ্যে পরাজয় স্বীকার করবেন না।

পুতিনের অভিনন্দন

জো বাইডেনকে শেষ পর্যন্ত অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনি ফল না মানা এবং আইনি লড়াই চালানোর অজুহাত দিয়ে এতদিন অভিনন্দন জানাননি পুতিন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন। পুতিন তার বার্তায় বলেছেন, পারস্পরিক বিশ্বাস ও পরস্পরের প্রতি সম্মান জানিয়ে রুশ-আমেরিকা সম্পর্কে দুই দেশ, জনগণ ও পুরো বিশ্বের জন্য লাভজনক হবে। দুই দেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে উল্লেখ করে পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক রাশিয়া।