রাজপথে সরকারি কর্মকর্তাদের ভূমিকা দেখে জনগণ ক্ষুব্ধ :বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধানের কথা বলে জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, এমনকি বিচারকরাও রাজপথে নেমে এসেছেন। তারা রীতিমতো ব্যানার হাতে মিছিল স্লোগান দিয়ে রাজনীতিবিদদের মতো সভা-সমাবেশ করেছেন। এ ধরনের ঘটনা দেশের জন্য অশনিসংকেত। রাজপথে সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের এমন ভূমিকা দেখে জনগণ ভীতসন্ত্রস্ত, ক্ষুব্ধ। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

রিজভী বলেন, একদলীয় শাসনে যেমন একদলীয় চেতনাই রাষ্ট্রের সবখানে প্রতিফলিত হয়, সেটিরই প্রতিচ্ছবি দেখা গেল। তিনি বলেন, ক্ষমতা-শক্তি-বন্দুক-আইন-আদালত সবকিছু নিজেদের মতো করে জবরদখলে রেখে সরকার, প্রশাসন আর ক্ষমতাসীন দল সব এখন মিলেমিশে একাকার।