বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতেই ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উদ্যাপনের অপেক্ষায় রয়েছে। গতকাল মঙ্গলবার ভারতীয় হাইকমিশন ও ইয়ুথ অপোর্চুনিটিসের যৌথ উদ্যোগে ‘যুগে যুগে মুক্তিযুদ্ধ ও এর মূল্যবোধ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাংবাদিক শাহরিয়ার কবির পরিচালিত অনুষ্ঠানে অ্যারোমা দত্ত এমপি, অধ্যাপক মুনতাসির মামুন, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এবং জুলিয়ান ফ্রান্সিস ওবিই অংশ নেন। ইয়ুথ অপোর্চুনিটিসের সদস্যদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের অনেক বাংলাদেশি তরুণ এতে অংশ নেন। এছাড়া ভারতীয় হাইকমিশন ও ইয়ুথ অপোর্চুনিটিসের যৌথ উদ্যোগে ‘আমার কাছে স্বাধীনতা মানে কী’ শীর্ষক এক রচনা প্রতিযোগিতা শুরু হচ্ছে। যাতে ১৮ থেকে ৩৫ বছর বয়সি বাংলাদেশি তরুণরা বাংলা ও ইংরেজি ভাষায় রচনা জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়।