দুর্নীতি ও দুর্ব্যবহারের বিরুদ্ধে পুলিশ জয়ী হবে, এমন প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘আমরা যারা পুলিশ বাহিনীতে আছি সবাই সম্মানের সঙ্গে চাকরি করতে চাই। দুর্নীতি ও দুর্ব্যবহারের বিরুদ্ধে পুলিশ কাজ করছে। আমার বক্তব্য স্পষ্ট এবং খোলাখুলিই বলি, যারা পুলিশে দুর্নীতি করতে চান তারা চাকরি ছেড়ে দিন। পুলিশে দুর্নীতির সুযোগ নেই। অন্য পেশার মানুষ কে কী করল সেটা জনগণ ভাবে না, কিন্তু পুলিশ দুর্নীতি করলে দেশের মানুষ সমালোচনা করে। ভবিষ্যতে যারা এই পেশায় আসবেন তাদের মনে কোনো খারাপ উদ্দেশ্য থাকলে এ চাকরিতে আসার দরকার নেই।’ গতকাল রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার প্রচলন’ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, ‘উন্নত দেশে রুটিন ডিউটিতে পুলিশ ভারী অস্ত্র ব্যবহার করেন না। এখন থেকে আমরাও সেই বিষয়টির প্রচলন করতে চাই। প্রথমে ঢাকা ও চট্টগ্রামে আগামীকাল (আজ বুধবার) থেকে এটি ব্যবহার করবে। এরপর ধাপে ধাপে সবক্ষেত্রে এটির প্রচলন করা হবে। আশা করছি আগামী এক মাসের মধ্যে ডিএমপি ও সিএমপি তাদের সদস্যদের নতুন ধারার সঙ্গে যুক্ত করতে পারবে। এর ফলে পুলিশ সদস্যরা কোনো ধরনের অস্বস্তি ছাড়াই দায়িত্ব পালন করতে পারবেন।’ রুটিন ডিউটিতে পুলিশের ক্ষুদ্রাস্ত্র ব্যবহারের মাধ্যমে সক্ষমতা বাড়বে এবং এর সুবিধা দেশবাসী ভোগ করবে বলে আশাপ্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মাঈনুর রহমান চৌধুরী।