মাদকবিরোধী যৌথ অভিযানে মিয়ানমারের আগ্রহ প্রকাশ

মাদকবিরোধী যৌথ অভিযান নিয়ে মিয়ানমার চিন্তাভাবনা শুরু করতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আহসানুল জব্বার। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তিনি একথা বলেন।

অনলাইন প্লাটফর্মে (জুম) অনুষ্ঠিত বাংলাদেশ-মিয়ানমার মহাপরিচালক পর্যায়ের ৪র্থ দ্বিপক্ষীয় বৈঠকে এ সংক্রান্ত আলোচনা হয় বলে জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষে আহসানুল জব্বার ছাড়াও মন্ত্রণালয় ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও ডিএনসির  ১৮ জন অংশ নেন।

মাদক পাচার রোধে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকারে থাকা দুই দেশের জেলেদের নাম ঠিকানাসহ তথ্যভান্ডার প্রস্তুতে বাংলাদেশ-মিয়ানমার সম্মত হয়েছে বলেও তিনি জানান। করোনা পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালে পরবর্তী বৈঠক মিয়ানমারে অনুষ্ঠিত হবে।