বাসাইলে ঝাড়ুর লাঠিতে পতাকা উত্তোলন, নিরাপত্তা প্রহরীর জেল

টাঙ্গাইলের বাসাইলে মহান বিজয় দিবসে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখার ঝাড়ুর লাঠিতে জাতীয় পতাকা উত্তোলনের অপরাধে গার্ডকে ১০ দিনের জেল এবং ব্যাংক ম্যানেজারসহ অন্যান্য সকল কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। 

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল এবং বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দেন। 

এসময় তার সাথে  বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন এবং বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

জানা যায়, বিজয় দিবস উপলক্ষে সকল প্রতিষ্ঠানের ন্যায় বাসাইল কৃষি ব্যাংকেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কার্যক্রম পরিচালনার সময় কৃষিব্যাংকের ছাদের উপর ঝাড়ুর লাঠিতে জাতীয় উত্তোলনের বিষয়টি বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নূরুল ইসলামের নজরে আসে। এসময় বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গার্ড (চুক্তিভিত্তিক) মো: সুলতান আহমেদকে(৫৫) দশদিনের জেল,ব্যাংক ম্যানেজার মোঃ ছানোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দেন। 

আরো পড়ুনঃ কালীগঞ্জে প্রসূতির স্বাভাবিক ডেলিভারির পরও সিজারের অভিযোগ

ব্যাংক ম্যানেজার মো: ছানোয়ার হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, আমি তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করে পতাকা উত্তোলনের জন্য নতুন বাঁশ কিনে দিয়েছি। গার্ড ভুলকরে এমন কাজটি করে ফেলেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, আমরা জানতে পেরেছি মহান বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এঘটনায় কৃষি ব্যাংকে কর্মরত গার্ডকে আইন অনুসারে ১০ দিনের জেল দেয়া হয়েছে এবং কর্মরত অন্য সকল কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি লেখা হবে।

বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: নূরুল ইসলাম বলেন, এটি অত্যন্ত ঘৃণিত একটি কাজ হয়েছে । আমরা এমন ঘৃণিত অপরাধ মূলক কাজের যথাযথ বিচার দাবী করছি।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাওস বলেন, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় মিছিল বের হলে ওই সময় বিষয়টি আমাদের নজরে আসে। ৩০ লক্ষ শহীদের রক্তেভেজা এই পতাকার এমন অপমান হলে ভবিষ্যতে পতাকা,স্বাধীনতার কোন মূল্যবোধ থাকবেনা। 

 

ইত্তেফাক/এমএএম