‘বিজ্ঞাপনচিত্রে শেষ কাজ করেছি সাত বছর আগে। এরপর আরও বেশকিছু কাজের প্রস্তাব পেয়েও পান্ডুলিপি পছন্দ না হওয়ায় করা হয়নি। তবে এই কাজটিকে শুধুমাত্র প্রফেশনাল দৃষ্টিভঙ্গিতেই নয়, বরং সামাজিক সচেতনতা তৈরিতে আমার দায়িত্ব হিসেবেও দেখেছি’— নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ প্রসঙ্গে এভাবেই বলছিলেন অভিনয় শিল্পী ফারজানা ছবি। এবারের বিজ্ঞাপনটি ‘উন্নত চুলা ও জ্বালানি’ বিষয়ক। বাংলাদেশ বিদ্যুত্ বিভাগের ‘হাউজহোল্ড এনার্জি প্লাটফর্ম, স্রেডা’র আওতাধীনে এই বিজ্ঞাপনটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাদিয়া আফরিন রেখা। মূলত বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্যে ক্লিন কুকিংয়ের লক্ষ্যে পরিবেশবান্ধব, জ্বালানী সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত রান্নার চুলা, বিকল্প জ্বালানি ও দ্রুত রান্না সহায়ক সামগ্রী ব্যবহারের অনুকূল পরিবেশ তৈরির জন্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। এই বিজ্ঞাপনচিত্রে ফারজানা ছবির সঙ্গে আরও অভিনয় করেছেন অভিনয় শিল্পী শর্মিলী আহমেদ।