বিনোদন রিপোর্ট
সিনিয়র তারকাদের অসুস্থতার মনখারাপ করা খবরের যেন ধারাবাহিকতা চলছে। দেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত। তার প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছে সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে ভর্তি করে চলছে তার চিকিত্সা।
এর আগে গত ১৫ ডিসেম্বর আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা তার দাদার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার দাদা অভিনেতা আব্দুল কাদের বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হাসপাতালে চিকিত্সাধীন আছেন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরে আসতে পারেন।’
এরপর বিষয়টির সত্যতা জানতে যোগাযোগ করলে শিল্পী সংঘ থেকে নিশ্চিত করা হয়েছে যে, গত ৮ ডিসেম্বর এই অভিনেতাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আব্দুল কাদেরের শারীরিক অবস্থা বেশ গুরুতর।
উল্লেখ্য, আব্দুল কাদের হুমাযূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। বহু একক ও ধারাবাহিক নাটকের পাশাপাশি তাকে নিয়মিত দেখা গেছে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। এছাড়াও তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন।