যুক্তরাষ্ট্রে এক দিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড
বিবিসি, রয়টার্স ও এএফপি
করোনা সংক্রমণ বাড়তে থাকায় জার্মানিতে পুনরায় লকডাউন দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ইউরোপের আরেক দেশ ফ্রান্সে জারি করা হয়েছে সন্ধ্যাকালীন কারফিউ। এদিকে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতিতে লাগাম টানার চেষ্টায় স্কুল ও প্রয়োজনীয় নয় এমন ব্যাবসায়িক কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে কঠোর লকডাউন প্রবেশ করেছে জার্মানি। দেশটিতে এসব বিধিনিষেধ ১০ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। বড়দিনের সময় এ বিধিনিষেধ সামান্য শিথিল থাকবে, সেসময় একটি পরিবার সর্বোচ্চ চার জন পর্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়কে আমন্ত্রণ জানাতে পারবে। বুধবার দেশটির কর্তৃপক্ষ করোনা ভাইরাসে আরো ৯৫২ জনের মৃত্যু এবং নতুন ২৭ হাজার ৭২৮ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে।
জার্মানিতে নতুন বিধিনিষেধে কেবল সুপারস্টোর ও ব্যাংকের মতো প্রয়োজনীয় ব্যাবসায়িক কর্মকাণ্ড চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। দেশটিতে নভেম্বর থেকেই রেস্তোরাঁ, বার ও বিভিন্ন অবকাশযাপন কেন্দ্র বন্ধ রয়েছে। কিছু কিছু অঞ্চল নিজেরাই তাদের মতো করে লকডাউন দিয়েছে। বিধিনিষেধের ফলে যেসব ব্যাবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেগুলোর মধ্যে চুল কাটার সেলুনও আছে। জনসমাগমস্থল বিশেষ করে গরম মশলাযুক্ত ওয়াইনের জনপ্রিয় দোকানগুলোতে অ্যালকোহল পান নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের ঘরে থেকে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জার্মানিতে কোভিড-১৯ মোকাবিলা দেখভালের দায়িত্বে থাকা রবার্ট কখ্ ইনস্টিটিউটের প্রধান লোথার ভিলা পরিস্থিতিকে ‘আগের যে কোনো সময়ের চেয়ে গুরুতর’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘রোগীর সংখ্যা যে কোনো সময়ের চেয়ে বেশি এবং এটা বাড়ছেই। বিপদ হচ্ছে, পরিস্থিতি আরো খারাপ হতে পারে এবং মহামারিও এর পরিণতিকে মোকাবিলা করা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠতে পারে।’
ফ্রান্সে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জারি করা ‘স্টে-অ্যাট-হোম’ আদেশের মেয়াদ শেষ হওয়ার পর সন্ধ্যাকালীন কারফিউ দেওয়া হয়েছে। মঙ্গলবার ‘স্টে-অ্যাট-হোম’ আদেশের মেয়াদ শেষ হওয়ার পর ফ্রান্সের লোকজন স্বাধীনভাবে ঘুরতে বেরিয়েছিলেন। কিন্তু ঐদিন রাত থেকেই সন্ধ্যাকালীন কারফিউ জারি করা হলে বিপাকে পড়ে যান রাজধানী প্যারিসের অনেক বাসিন্দা। কারফিউ স্থানীয় সময় রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবত্ থাকবে। এ সময় লোকজন শুধু কর্মস্থলে যাওয়ার উদ্দেশে, সরকারি দায়িত্ব পালনের জন্য অথবা জরুরি ?ওষুধ কেনার জন্য বের হতে পারবেন। এর বাইরে যিনি কারফিউ ভাঙবেন তাকে ১৩৫ ইউরো জরিমানা দিতে হবে। নতুন এই বিধি কঠোরভাবে পালন করা হবে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেহার্দ ডেহমানা মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসের পশ্চিম অংশে পুলিশের সঙ্গে টহলে যোগ দিয়ে লোকজন আইন মানছেন কি না তা তদারকি করেন।
যুক্তরাষ্ট্রে মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন দেশটিতে নতুন করে ২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত মাসে নাটকীয়ভাবে কোভিড-১৯ রোগে সংক্রমণের হার অনেক বেড়ে যেতে দেখা যায়। দেশটিতে প্রাত্যহিক হিসাবে গত ১৩ দিনের ১০ দিনই নতুন করে ২ লাখ বা তার বেশি সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছে।