জাপানি মহাকাশযানের ক্যাপসুলে মিলল গ্রহাণুর টুকরো

বিবিসি

জাপানের একটি মহাকাশযানের পাঠানো ক্যাপসুল গত সপ্তাহে মহাশূন্য থেকে পৃথিবীতে ফিরে আসার পর এর ভেতরে একটি গ্রহাণুর পাথরের টুকরো পাওয়া গেছে। এই গ্রহাণুর টুকরো সংগ্রহ করে তা একটি ক্যাপসুলে ভরে পৃথিবীতে পাঠিয়েছিল জাপানের মহাকাশ সংস্থা আইএসএএসের পাঠানো হায়াবুসা-২ মহাকাশযান।

মহাশূন্যের গভীর থেকে (ডিপ স্পেস) এই প্রথম বৃহত্ আকারের মাটি-পাথর পৃথিবীতে পাঠানো হলো। যেসব পদার্থ দিয়ে সৌরজগতের সৃষ্টি হয়েছিল, সেসব পদার্থের মধ্যে যেগুলো এখনো টিকে আছে তার একটি হচ্ছে রাইয়ুগু নামের এই গ্রহাণু। হায়াবুসা-২ মহাকাশযানটি ২০১৮ সালের জুনে প্রথম রাইয়ুগুতে পৌঁছতে সক্ষম হয়েছিল। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে হায়াবুসা-২ প্রথমবারের মতো এক কিলোমিটার দীর্ঘ গ্রহাণুটির ওপর অবতরণ করে।

গত ৫ ডিসেম্বর হায়াবুসা-২-এর নমুনা বহনকারী ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসে। অস্ট্রেলিয়ার উমেরা মরুভূমিতে প্যারাসুটের সাহায্যে এটি নিরাপদে অবতরণ করে। জাপানি বিজ্ঞানীরা এখন পর্যন্ত ক্যাপসুলটির তিনটি প্রকোষ্ঠের মধ্যে মাত্র একটি খুলেছেন। বাকি দুটি প্রকোষ্ঠের একটিতে রাইয়ুগুর মাটির নিচের পদার্থ সংগৃহীত হয়েছে।