ইত্তেফাক রিপোর্ট
রপ্তানিতে উেস কর ও নগদ সহায়তার ওপর বিদ্যমান করহার কমানোর জন্য পোশাকশিল্প মালিকরা দাবি জানিয়ে আসলেও চলতি অর্থবছর এ বিষয়ে কোনো পরিবর্তন আসছে না বলে আভাস পাওয়া গেছে। গত বাজেটে তৈরি পোশাকসহ সব ধরনের রপ্তানির কর ০.৫০ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে রপ্তানিকারকরা রপ্তানির বিপরীতে ০.২৫ শতাংশ কর দিয়ে আসছিলেন। এছাড়া রপ্তানির বিপরীতে যে নগদ সহায়তা দেওয়া হয়, তার ওপরও সরকার ১০ শতাংশ হারে আয়কর কর্তন করছে। এ দুটি করই কমানোর দাবি জানিয়ে আসছিলেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। রপ্তানির উেস কর আগের অবস্থানে অর্থাত্ ০.২৫ শতাংশ এবং নগদ সহায়তার ওপর আয়কর অর্ধেক কমিয়ে ৫ শতাংশ করার দাবি তাদের। ইস্যুটি নিয়ে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এনবিআরে চিঠিও পাঠিয়েছে।
তবে এনবিআরের আয়কর বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছর এমনিতেই করহার কমানো হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকেও কোনো নির্দেশনা নেই। ফলে কমার সম্ভাবনা আপাতত নেই। আয়কর বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, রপ্তানির বিপরীতে উেস আয়কর ছিল ১ শতাংশ। এক বছরের জন্য তা ০.২৫ শতাংশ করা হয়েছে। চলতি বছর থেকে তা যথারীতি ১ শতাংশ হওয়ার কথা। তা অর্ধেক কমিয়ে ০.৫০ শতাংশ করা হয়েছে। এছাড়া করোনার কারণে রাজস্ব আদায় অনেক কমে গেছে। ফলে বাস্তবতা বিবেচনায় এটি আর কমানোর পক্ষে আমরা নই। এছাড়া অর্থ মন্ত্রণালয় থেকেও এই কর কমানোর কোনো নির্দেশনা নেই। সার্বিক বিবেচনায় এই বছর আয়কর হার কমানোর সম্ভাবনা নেই বললেই চলে। তবুও মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা এলে এনবিআর তা বাস্তবায়ন করবে।
এদিকে সর্বশেষ গত মাসেও নগদ সহায়তার ওপর বিদ্যমান করহার অর্ধেক করার অনুরোধ জানিয়ে এনবিআরে চিঠি পাঠিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।