ফুটবলের পৃথকস্টেডিয়াম চায় বাফুফে

স্পোর্টস রিপোর্টার

নতুন বছরে দেশের ফুটবল নিয়ে নতুন কিছু করার কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কি কি করা যায় তাও পরিকল্পনা করা হচ্ছে। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন আবারও বলেছেন তিনি একটি আন্তর্জাতিক স্টেডিয়াম গড়ে তুলতে চান। ফুটবলের জন্য পৃথক একটি স্টেডিয়াম থাকলে সেটি দেশের ফুটবলের জন্য ভালো হবে। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে গেলে বঙ্গবন্ধু স্টেডিয়াম বারবার করে কাজ করতে হয়। সংস্কার করতে হয়। অনেক সুুযোগ-সুবিধা থাকে না। ফিফা যেভাবে চায় সেভাবে উপস্থান করতে পারে না বাফুফে। তার পরও নিয়মিত খেলা হয় বলে ফিফার কাছ থেকে ছাড়ও পায় বাফুফে। কাজী সালাহউদ্দিন বলছেন তিনি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করতে চান। সরকারের সহযোগিতা চান তিন।

বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল বিকালে বাফুফে ভবনের টার্ফে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ আয়োজন করেছিল বাফুফে। সেখানে সাবেক ফুটবলাররা লাল দল এবং সবুজ দলে ভাগ হয়ে ম্যাচ খেলেছে। লাল দল ৩-০ গোলে হারায় সবুজ দলকে। প্রীতি ম্যাচ খেলতে দেখা গেছে মোহামেডানের ইংলিশ কোচ শেনলেনকে। বাংলাদেশের বিজয়ের মাস তাকেও উজ্জীবিত করেছে বলে কাল সবুজ জার্সি গায়ে খেলেছেন তিনি।

অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন ফুটবলারদের জন্য জিমনেসিয়াম নির্মাণ করা হচ্ছে। আজ হতেই কাজ শুরু করতে চান তিনি। ভবনের সবুজ আঙ্গিনার ওপরেই জিম হবে। এখন থেকে কাজ শুরু হলে নতুন বছরেই খেলোয়াড়রা সেটি ব্যবহার করতে পারবেন। সালাহউদ্দিন জানিয়েছেন তার কমিটি নতুন বছরে নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করতে চায়। তিনি বলেন, ‘এক বছরের একটা পরিকল্পনা তৈরি করা হচ্ছে যেটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’ বাফুফে অনেক কিছুই করতে চায়। কিন্তু অর্থ সংকট সব পরিকল্পনা বাস্তবায়ন করতেও দেয় না।

নতুন পরিকল্পনার সূত্র ধরে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন আসছে বছরে লিগ নিয়ে নতুন কিছু করতে চান। আকর্ষণীয় করা যায় কীভাবে, নতুন কিছু করার ইচ্ছার কথা জানান তিনি।

বিজয় দিবসে প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে সাবেক ফুটবলারদের মিলন মেলা হয়। সেই মিলন মেলায় যোগ দিয়েছিলেন কানন, মামুন বাবু, কায়সার হামিদ, নকিব, গাউস, জাকির, লিটন, আতা, স্বপন, আমান, নজরুল, ফয়সাল, আবু ইউসুফ, অমিত খান শুভ্র, মিলন, মনি, কাঞ্চন, বিদ্যুত্, জাবিদ হোসেন অপু, ফিরোজ মাহমুদ টিটু, ডন, গোলকিপার লাহুল, পান্নু, নিজাম, রাজ্জাক, আলফাজ, খোকন দাস প্রমুখ খেলেছেন।