ইত্তেফাক রিপোর্ট
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, তথাকথিত ফতোয়াবাজরা আবার মাঠে নেমেছে; তাদের রাজনৈতিক এজেন্ডা আছে। তারা বিভ্রান্তিমূলক ফতোয়া দিয়ে বাংলাদেশকে বিপথগামী করতে চায়। বাংলাদেশের অগ্রগতি ও এগিয়ে যাওয়া থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য, শহিদ মিনার ও স্মৃতিসৌধ নিয়ে ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন। তাদের কথাবার্তা ও কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তাদেরকে (তথাকথিত ফতোয়াবাজদের) শুধু প্রতিরোধ নয়; নির্মূল করব। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন করব-এটা আমাদের বিজয় দিবসের শপথ।
গতকাল বুধবার প্রতিমন্ত্রী রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে মহান বিজয় দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জিয়া-এরশাদ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ধারণ করতে পারেনি বলে বাংলাদেশ এগিয়ে যেতে পারেনি। বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ধারণ করে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম এবং বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।