কচুয়ায় হত্যাচেষ্টার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

বাদীর স্বজনদের নানাভাবে হুমকি

ইত্তেফাক রিপোর্ট

বাজার কমিটির নেতৃত্বকে কেন্দ্র করে হালিম পাটোয়ারী নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, এ ঘটনায় মামলা করা হলেও গ্রেফতার করা হচ্ছে না আসামিদের। বরং কৌশলে মূলহোতাকে বাদ দিয়ে মামলা রেকর্ড করেছে পুলিশ। হত্যাচেষ্টার আসামিরা গ্রেফতার না হওয়ায় প্রকাশ্যে বাদী ও তার স্বজনদের হুমকিধমকি দিচ্ছে। হামলার শিকার হালিমের পরিবারের সদস্যরা মঙ্গলবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এ সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। গত ২৮ নভেম্বর হামলার এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার কচুয়া থানার মাঝিরগাছা বাজারে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হালিম পাটোয়ারীর স্ত্রী রাসেদা বেগম জানান, ঘটনার দিন মাঝিরগাছা বাজার কমিটির সভাপতি হালিমকে তার বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে বাজার কমিটির নির্বাচনে অংশ নিতে নিষেধ করা হয়। এতে সম্মত না হলে সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে নিস্তেজ অবস্থায় মৃত ভেবে হামলাকারীরা চলে যায় বলে জানান রাসেদা বেগম।

রাসেদা জানান, হালিমের অবস্থা এখনো আশঙ্কাজনক। এ ঘটনার পর কচুয়া থানায় গেলে পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে মামলার এজাহার নিজ দায়িত্বে লিখে নেবে জানিয়ে সাদা কাগজে রাসেদার স্বাক্ষর রাখেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন ও এসআই হানিফ। রাসেদা অভিযোগ করেন, মামলায় ঘটনার মূল পরিকল্পনাকারীর নাম বাদ দেওয়া হয়েছে। তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবি জানান।