পাক্ষিক অনন্যা ও উইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

করোনা আক্রান্ত অর্থনীতিতে নারীদের উদ্যোগ প্রশংসনীয় ----- তাসমিমা হোসেন

করোনা আক্রান্ত অর্থনীতিতে অনলাইন মাধ্যমে নারীদের উদ্যোগ ও সফলতা সত্যিই প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। গতকাল বুধবার পাক্ষিক অনন্যা এবং উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)-এর এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দৈনিক ইত্তেফাক কার্যালয়ের মাজেদা বেগম মিলনায়তনে এক আলোচনাসভায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুই প্রতিষ্ঠান। দেশের নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে যৌথ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে পাক্ষিক অনন্যার পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন এবং উই-এর পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

তাসমিমা হোসেন বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসায় মূলধনের জোগান কখনোই বিফলে যায় না। কারণ নারীর প্রতিটি কাজেই থাকে যত্ন ও মেধার সমন্বয়। অনলাইন মাধ্যমে নারীদের উদ্যোগ ও সফলতা শুধু নারীকেই আত্মনির্ভরশীল করছে না, পাশাপাশি গোটা পরিবারকেও স্বাবলম্বী করছে। পাক্ষিক অনন্যা হার না মানা এই নারী উদ্যোক্তাদের কথা সমাজের সামনে তুলে ধরবে, অনুপ্রাণিত করবে গোটা সমাজকে। তিনি বলেন, নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছে এই নারীরাই। তারা ঘরে বসেই দেশীয় পণ্য প্রস্তুত করছে, আশা করছি তা ভবিষ্যতে বিদেশে রপ্তানি হবে। সব বাধা পেরিয়ে নিজের ও দেশীয় পণ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে দেশের নারীরা।

নাসিমা আক্তার নিশা বলেন, ‘২০১৬ থেকে ই-ক্যাবের মাধ্যমেই উই প্ল্যাটফরমে আমার পথচলা শুরু। তখন থেকেই নারীদের জন্য কাজ করার স্বপ্ন দেখতাম। সেখান থেকেই একটু একটু করে সামনের দিকে এগোনো। বর্তমানে আমাদের ফোরামের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হচ্ছে, আত্মনির্ভরশীল হচ্ছে। পাক্ষিক অনন্যা এই নারীদের সাফল্যের গল্পগুলো তুলে ধরলে সমাজের বাকি নারীরাও অনুপ্রাণিত হবে।’ সভায় উপস্থিত বক্তারা জানান, বর্তমানে ই-কমার্সের জন্য দেশি পণ্যের প্রচার বৃদ্ধি পাচ্ছে এবং অনেক নতুন উদ্যোক্তা গর্বের সঙ্গে দেশি পণ্য নিয়ে নিজের উদ্যোগ শুরু করছেন। পাক্ষিক অনন্যার সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে নারীদের এই উদ্যোগগুলো প্রচারের আলোয় আসবে। এছাড়াও উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের নতুন উদ্যোক্তাদের নিয়ে পাক্ষিক অনন্যা আগামী মাস থেকে ফেসবুক লাইভ শো ‘উদ্যোক্তার খোঁজে’ অনুষ্ঠান শুরু করবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।