মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দূরে সরে গেলেন তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল। শেষ পর্যন্ত তিনিও প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনকে অভিনন্দন জানালেন। নির্বাচনে বিজয়ের ৩৮ দিন পর বাইডেনকে অভিনন্দন জানালেন তিনি। এমনকি ট্রাম্প-ঘনিষ্ঠ ব্রাজিলের প্রেসিডেন্টও শুভেচ্ছা জানিয়েছেন বাইডেনকে। খবর সিএনএনের
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে ম্যাককোনেল বলেন, ‘আজ আমি প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনকে অভিনন্দন জানাচ্ছি। প্রেসিডেন্ট ইলেক্ট সিনেটে নতুন কেউ নন। তিনি বহু বছর ধরে নিজেকে মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন’। ম্যাককোনেল তার সহকর্মী আরেক সিনেটর ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন। ম্যাককোনেল সিনেটে তার সহকর্মীদের উদ্দেশে বলেন, সিনেটে ইলেকটোরাল ভোটের ফলাফল এলে যেন কোনো বাধা না দেওয়া হয়। ম্যাককোনেলের এই অভিনন্দন বার্তা হয়তো খালি চোখে তেমন কোনো ভূমিকা রাখবে না। কিন্তু কংগ্রেসে বাইডেনের জয়কে বাধা সৃষ্টি করা হলে হয়তো ঠেকানো যাবে না, তবে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে বিলম্ব ঘটানো সম্ভব। এই কাজ দেশকে পিছিয়ে নেবে বলেই ধারণা করা হয়। ম্যাককোনেলের ফলাফল মেনে নেওয়া সেই ধরনের চেষ্টা নস্যাত্ করে দেবে। ম্যাকনোনেলের অভিনন্দন বার্তায় ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি টুইটার বার্তায় বলেন, এই চলে যাওয়াটা খুব দ্রুত হয়ে গেল।
ব্রাজিলের প্রেসিডেন্ট কট্টরপন্থি জায়ের বলসোনারোও মঙ্গলবার জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে বলেন, ব্রাজিল তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রে আগের মতোই মুক্ত ও সাহসের দেশ হিসেবে ভূমিকা রাখবে। বলসোনারো প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। জি-২০ ভুক্ত দেশগুলোর মধ্যে বলসোনারোই সর্বশেষ নেতা যিনি বাইডেনকে অভিনন্দন জানালেন।