ভোলার লালমোহনে আলামিন (২৬) নামে এক শ্রমিককে গলায় ফাঁস দিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে লালমোহন পৌর এলাকার নয়ানীগ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে ভোলার অ্যাডিশনাল এসপি (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান পুলিশ ফোর্স নিয়ে এসে লাশ উদ্ধার করেন। নিহত আলামিন লালমোহন শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গরু বাঁধার দড়ি দিয়ে দুই হাত বেঁধে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ কাজ কোনো একক ব্যক্তির দ্বারা সম্ভব নয়। এ হত্যাকাণ্ডে একাধিক দুর্বৃত্তের সম্পৃক্ততা থাকতে পারে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
নিহত আলামিনের সত্-বাবা মোস্তফা ফরাজি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকেই আলামিন নিখোঁজ ছিল। গতকাল বেলা ১১টার দিকে আমি বাড়ির পাশে গরু চরাতে গিয়ে আলামিনের দুই হাত বাঁধা লাশ গাছের সঙ্গে ঝুলতে দেখি।’
জানা গেছে, ২৬ বছর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আলামিনের মা শাহানুর বেগম দ্বিতীয়বার ঘর বাঁধেন মোস্তফা ফরাজির সঙ্গে। বর্তমানে মোস্তফা ফরাজির সংসারেও এক ছেলে ও এক মেয়ে রয়েছে।