সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উত্পাটন করব :মতিয়া

মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেব :কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির মূল উপড়ে ফেলা হবে। মহান বিজয় দিবসে গতকাল বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে একটি অশুভ সাম্প্রদায়িক শক্তি। এবার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেব।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা বিজয় দিবস  উদ্যাপন করছি, কিন্তু এখনো বাংলাদেশের স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে একটি অশুভ ও সাম্প্রদায়িক শক্তি।

তিনি আরো বলেন, একদিকে ১৯৪৭-এর চেতনা, অন্যদিকে একাত্তরের চেতনা, একদিকে সাম্প্রদায়িকতা, আরেক দিকে অসাম্প্রদায়িকতা। আজ আমাদের এ দুটি ধারা চলছে, আমাদের আজকের শপথ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষ যে ডালপালা বিস্তার করেছে, সেই বিষবৃক্ষ আমরা সমূলে উত্পাটন করব। সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। এটাই হোক এবারকার বিজয় দিবসের শপথ।

হেফাজতসহ ধর্মীয় সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুও পাকিস্তানিদের সঙ্গে বৈঠক করেছেন, তারা কি চেয়েছিল, তা জানতে। তাদের (ধর্মীয় সংগঠন) সঙ্গে বৈঠকটা করা হয়েছে, কারণ আমরা জানতে চাই, তারা কী চায়। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এ প্রশ্নে আমরা কোনো আপস করব না। সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি। তা না হলে বৈঠক কেন?

এদিকে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশকে বিনষ্ট করার যে আশা নিয়ে ঘাতকের দল বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তাদের সে স্বপ্ন সত্যি হয়নি। যে স্বপ্ন দেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন জাতির পিতার নেতৃত্বে, সে স্বপ্ন নতুন প্রজন্ম তুলে নিয়েছে। তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের আজকে শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক অপশক্তি ও সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে, সাম্প্রদায়িকতার সেই বিষবৃক্ষকে আমরা সমূলে উত্পাটন করব।