দেশে করোনা ভাইরাস শনাক্তের ২৮৩তম দিনে ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা কমেছে। পাশাপাশি সংক্রমণের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২৭ জন মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবারের চেয়ে গতকাল ১৩ জন কম মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ৭ হাজার ১৫৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত ১৩ ডিসেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬৩২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার ১৯ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮৭৭ জন। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৬২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৪০টি ল্যাবে ১৭ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩০ লাখ ২২ হাজার ৫৩৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৯ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ১১ হাজার ৯৬৬টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ১০ হাজার ৫৭১টি।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৩ জন পুরুষ আর নারী চার জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছর ছিল। মৃতদের মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের, এক জন রাজশাহী এবং দুই জন রংপুর বিভাগের বাসিন্দা। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৭ হাজার ১৫৬ জনের মধ্যে ৫ হাজার ৪৬২ জনই পুরুষ এবং ১ হাজার ৬৯৪ জন নারী।