বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেছেন, ‘বঙ্গবন্ধু বিশ্বদরবারে বাংলাদেশকে পরিচিত করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি স্বাধীনতাপ্রাপ্ত যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে পুনর্গঠন করেছেন মাত্র সাড়ে তিন বছরে। তিনি দেশের শিক্ষা, চিকিত্সা, অর্থনীতি, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধসহ প্রতিটি ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়ে গেছেন; যার ধারাবাহিকতায় বাংলাদেশকে বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল বুধবার সকাল ১০টায় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভীন এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেরনিয়াবাত।
সভা শেষে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল সকালে ক্যাম্পাসের বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এর পরপরই ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরেবাংলা হল, শেখ হাসিনা হল ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন উত্তরাধিকার।