জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

সংগঠনের প্যাড ব্যবহার করে ভুয়া চিঠি পাঠালে কঠোর ব্যবস্থা

অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্যাড জালিয়াতি করে বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে ভুয়া চিঠি প্রেরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও মহাসচিব আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছেন, অ্যাসোসিয়েশনের প্যাড জালিয়াতিপূর্বক এর সভাপতি ও মহাসচিবের নাম পদবি ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন ব্যক্তি/দপ্তর/প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, মনগড়া ও মানহানিকর বক্তব্যসংবলিত চিঠি পাঠাচ্ছে—যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলক। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান/দপ্তরে এ ধরনের কোনো চিঠি কখনোই প্রেরণ করা হয়নি। যারা এ ধরনের অপপ্রচারমূলক চিঠি প্রেরণ করেছেন তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হলো। নইলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো ব্যক্তি/দপ্তর/প্রতিষ্ঠান এ ধরনের জালিয়াতিপূর্ণ, অপপ্রচারমূলক চিঠি পেয়ে থাকেন তাহলে সংগঠনের নম্বরে (০১৭১০-২৪৬৫৭৭, ০১৭১৭-৩২৬১৭৭) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।