ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং মোবাইল অপারেটর গ্রামীণফোন গ্রাহকদের জন্য প্রযুক্তিসুবিধা ব্যবহার করে আর্থিক অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের সাড়ে ৭ কোটি গ্রাহক খুব সহজে ‘নগদ’-এর সেবা নিতে পারবেন। সম্প্রতি ‘নগদ’ ও গ্রামীণফোনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে গ্রামীণফোন গ্রাহকেরা সেলফোন থেকে কেবল *১৬৭# ডায়াল করে পিন সেট করলেই ‘নগদ’-এর গ্রাহক হয়ে যেতে পারবেন।
গত কয়েক মাস ধরে পরীক্ষামূলকভাবে ‘নগদ’-এর অ্যাকাউন্ট খোলার এই সেবা পেয়ে আসছিলেন গ্রামীণফোনের গ্রাহকরা। এছাড়া গ্রামীণফোনের গ্রাহকরা ‘নগদ’-এর অ্যাপ ডাউনলোড করে পিন সেট করলেও হয়ে যেতে পারবেন ‘নগদ’-এর গ্রাহক। গতকাল বুধবার মহান বিজয় দিবসের দিনে এক ভার্চুয়াল অনুষ্ঠানে গ্রামীণফোনের গ্রাহকদের জন্য ‘নগদ’-এর অত্যাধুনিক এই প্রযুক্তিগত উদ্ভাবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে ‘নগদ’ ও গ্রামীণফোনের এই যৌথ পথচলার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান অংশ নেন।
এছাড়া ‘নগদ’-এর শুরু থেকেই ডিজিটাল কেওয়াইসির আওতায় ‘নগদ’ অ্যাপের মাধ্যমে সেলফি এবং জাতীয় পরিচয়পত্রের ছবি দিয়েও মুহূর্তেই অ্যাকাউন্ট খুলতে পারছেন গ্রাহকরা। অ্যাকাউন্ট খোলার ২৪ ঘণ্টার মধ্যে ন্যূনতম ৫০০ টাকা ‘নগদ’-এ ক্যাশ-ইন করে নিতে পারেন লাখপতি হওয়ার সুযোগ। এছাড়া গ্রামীণফোনের গ্রাহকরা ‘নগদ’-এর মাধ্যমে মোবাইল রিচার্জ করে পাচ্ছেন বেশ কিছু অফার।