মতলবের মেঘনা নদীতে আবারও লঞ্চ ডাকাতি যাত্রীদের সর্বস্ব লুট

উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় আবারও লঞ্চে ডাকাতির ঘটনা ঘটছে। এসময় লঞ্চে থাকা প্রায় ৬০/৭০ যাত্রীর সর্বস্ব লুটে নেয় ডাকাত দল। একই স্থানে গত ২০ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা এমভি মকবুল-২ লঞ্চে ডাকাতির ঘটনা ঘটে এবং নৌ-পুলিশ এখনো ঐ ডাকাতির কোনো কুলকিনারা করতে পারেনি। এরই মধ্যে একই স্থানে আরেকটি নৌ ডাকাতির কারণে মতলববাসী আতঙ্কিত হয়ে পড়েছে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে মতলবের উদ্দেশ্যে ছেড়ে আসা এম এল হূদয় নামের লঞ্চটি ষাটনলের কাছাকাছি এলে আনুমানিক ৭টার দিকে স্পিডবোটে করে ডাকাতদল লঞ্চে ওঠে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। এ সময় ডাকাতরা আতঙ্ক সৃষ্টি করতে কয়েক যাত্রীকে মারধর করে।

লঞ্চ যাত্রী নয়ন মিয়া জানান, লঞ্চটি নির্দিষ্ট সময়ের ১০ থেকে ১৫ মিনিট পরে গজারিয়া ঘাটে ভিড়ে। গজারিয়া ঘাট থেকে কয়েক জন লোক লঞ্চে ওঠে। গজারিয়া ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চটি গজারিয়া ও মতলবের ষাটনল সীমানায় আসার পর ডাকাতেরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা, মহিলাদের স্বর্ণালংকারসহ সর্বস্ব লুটে নেয়। পরে ষাটনলের কাছাকাছি এসে লঞ্চ থেকে নেমে নিরাপদে স্পিডবোটে করে চলে যায়।