বিশ্বের গরীব দেশগুলোর সঠিক সময়ে টিকা পাওয়া এবং এর বিতরণ নিয়ে ঝুঁকিতে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থাটির অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এই আশংকার কথা উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালের আগে গরীব দেশগুলো টিকা নাও পেতে পারে। সংস্থার কোভ্যাক প্রোগ্রাম গরীব ও মধ্যম আয়ের দেশগুলোতে করোনা ভাইরাসের টিকা দেওয়ার দায়িত্বে। ২০২১ সালের শেষ পর্যন্ত আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকার ৯১ টি গরীব ও মধ্যম আয়ের দেশের দুইশ’ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। কিন্তু প্রোগ্রামের কর্মকর্তারা জানিয়েছেন, তহবিলের অভাব, সরবরাহে ঝুঁকি এবং চুক্তি সংক্রান্ত জটিলতায় সেই কাজ প্রবল ঝুঁকির মধ্যে পড়তে পারে। এদিকে কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে কেবল বাড়ির বাইরে পথে-ঘাটেই নয়, এবার বড়দিনের উত্সবে পারিবারিক অনুষ্ঠানেও ইউরোপীয়দের মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। -রয়টার্স