মর্ডানার করোনা ভ্যাকসিনের অনুমোদনে সুপারিশ করা না করা নিয়ে বৈঠকে বসছেন মার্কিন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) এ বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হলে আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিনটি দেয়ার সুযোগ তৈরি হতে পারে।
এর আগে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দেয়া হয়। যুক্তরাষ্ট্র জুড়ে সোমবার (১৪ ডিসেম্বর) থেকে টিকা দেয়ার কাজও শুরু হয়ে গেছে।বৃহস্পতিবারের বৈঠকে প্রায় ২৪ জন বিজ্ঞানী এবং কোম্পানি প্রতিনিধিরা অংশ নেবেন। সুপারিশ বিষয়ে তারা তাদের ভোট দেবেন এবং বৈঠকটি সরাসরি সম্প্রচার করা হবে।
আরো পড়ুন: ব্রিটিশ শিশুদের খাদ্য দিচ্ছে ইউনিসেফ
বৈঠকে টিকার পক্ষে সুপারিশ করা হলে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন দ্রুতই এর অনুমোদন দেবে। আর যুক্তরাষ্ট্রই হবে মর্ডানার টিকা অনুমোদন দেয়া প্রথম দেশ।
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা ও ম্যাসাচুসেটস ভিত্তিক বায়োটেক কোম্পানি মর্ডানা যৌথভাবে টিকাটি তৈরি করেছে। মার্কিন সরকার টিকাটি তৈরিতে মর্ডানাকে ২কোটি ৫০ লাখ ডলারেরও বেশি অর্থ দিয়েছে। যুক্তরাষ্ট্র চলতি মাসের মধ্যেই দুই কোটি লোককে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
ইত্তেফাক/এএইচপি