শীতকালীন মৌসুমি ফুল। এটি মূলত দক্ষিণ ইউরোপের প্রজাতি। তবে আমাদের দেশের আবহাওয়ায় বেশ মানানসই। এ ফুলের রয়েছে আকর্ষণীয় নানা রং। সাদা, হলুদ, কমলা, গাঢ় কমলা ও কমলা লাল রঙের ফুল চোখে পড়ে। ফুল ঊর্ধ্বমুখী। গাছের কাণ্ডের মাথায় ফুল ধরে। ফুলের গঠন অনেকটা সূর্যমুখী ফুলের মতো। তবে আকারে ছোট। বৃন্তের ওপর চওড়ায় প্রায় ১০ সেন্টিমিটার। ফুল গোল চাকতির মতো, চারদিকে ছোট ছোট অসংখ্য পাপড়ি ও মাঝে পরাগ। ফুটন্ত ফুলের সৌন্দর্য বেশ অনেক দিন স্থায়ী থাকে। কাট ফ্লাওয়ার হিসেবে ক্যালেন্ডুলা ব্যবহার উপযোগী। ফুল সিঙ্গেল বা ডাবল হতে পারে। ডাবল ফুল দেখতে বেশি সুন্দর। শীত শেষ করে বসন্তের মাঝামাঝি ফুল শেষ হয়ে যায়। গাছ ঝোপালো ও দ্রুত বর্ধশীল, রসালো ও নরম প্রকৃতি। গাছের গড় উচ্চতা এক থেকে দেড় ফুট। পাতা সবুজ, খসখসে, রোমশ ও লম্বা আকৃতির। বীজের মাধ্যমে এর বংশ বিস্তার করা হয়।
লেখা ও ছবি :নূর আলম গন্ধী