মাদারীপুরে ৪ উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে মাদারীপুর জেলা পরিষদ।বুধবার (১৬ ডিসেম্বর) মাদারীপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

এ অনুষ্ঠানে জেলার ৪ উপজেলার ৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে খলিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ। 

এ সময় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারণে আমরা এ আয়োজনটি স্বল্প পরিসরে শুরু করলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছেন। যার সুফল আমরা সবাই ভোগ করছি। আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাহস কারা দেখাচ্ছে। যারা ১৯৭১ সালে এ দেশের বিরোধিতা করেছে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই আজ শেখ হাসিনার উন্নয়ন দেখে দিশেহারা হয়ে এই দুঃসাহস দেখাচ্ছে। এদেরকে আমাদের প্রতিহত করতে হবে।

অপরদিকে শিবচর ফিল্ম সোসাইটি মহান বিজয় দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করে। জাতির পিতাকে শ্রদ্ধাঞ্জলি শেষে শিবচরের শহীদ মুক্তিযোদ্ধাদের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সংগঠনটি। শিবচরের মাটি ও মানুষের নেতা জাতীয় সংসদের চীফ হুইপ ও স্থানীয় ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী শিবচরকে সাজিয়েছেন বঙ্গবন্ধুর ঘোষিত স্বপ্নের সোনার বাংলার আদলে।ভৌত অবকাঠামো উন্নয়ন, সংস্কৃতির পৃষ্ঠ-পোষকতাসহ শিবচরের সকল ধরনের উন্নয়নের ক্ষেত্রে তিনি তার শৈল্পিক ছোঁয়ার স্বাক্ষর রাখছেন। শিবচরে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই দিবসটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেছে। শিবচর ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তা আশরাফুল আলম বিপ্লব এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সবুজের উদ্যোগে সহ-সভাপতি কামাল এ হাসান, 
যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব বেপারীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 

ইত্তেফাক/এমএএম