বিজয় দেখি টুনটুনিটার
পাগল করা মিষ্টি গানে,
কদম বেলি, জুঁই চামেলি
সুবাস ছড়ায় সবার প্রাণে।
বিজয় দেখি শিশুর গালে
মাতৃভূমির ছবি আঁকা,
পাখপাখালি ওই নীলিমায়
মুক্তমনে মেলছে পাখা।
বিজয় দেখি বোনের চোখে
লাল সবুজের শাড়ির ভাঁজে,
বিজয় দেখি নদীর বুকে
উছলে পড়া ঢেউয়ের মাঝে।
বিজয় দেখি বিশ্বজুড়ে
বঙ্গবন্ধুর অমর গানে
গুনগুনিয়ে যে গান বাজে
সব মানুষের হূদয়কানে।