অন্ধকারপৈঙ্গল ১

একটা মোমবাতি আত্মনিমগ্ন হয়ে জলের ভেতর জ্বলে যাচ্ছে

সে যতটুকু পারে ততটুকু অন্ধকার শুষে নিচ্ছে।

 

অন্ধকার শুষে নিলে আলোর জন্ম হয়।

যেভাবে মাতৃগর্ভের শিশু মায়ের নিঃশ্বাস শুষে নিয়ে—

                                                বড় হয়ে ওঠে।

 

আমার একটা অন্ধকার মোমবাতি আছে

মোমবাতিটি আলোর মাঝে জ্বেলে দিলে—

                                    অন্ধকার ঘনিয়ে আসে।

অনেকেই আমার মোমবাতির নাম দিয়েছে ধর্ম

কেউ দিয়েছে কবিতা

আবার কেউ বলেছে, ‘দূর হ হতচ্ছাড়া’।