অতিসন্নিকটে তুমি

সাঁকো পার হবার শব্দ শুনি।

 

কারা যেন উজান ধরে ফিরে যাচ্ছে

আরও দূরপথ সুমুদ্দুর-ঘর;

 

অতিসন্নিকটে রইয়াছ তুমি

বনপিপাসার জ্যোত্স্নাসম্প্রদায়,

হলুদ পাতার পায়তারা শেষে

হরিণীবনের কোলেকাঁখে

দাগ কাটা ট্রেন পথের গোলপাতা দেশ,

শস্য হতে ফিরে আসে

হাওয়ার আস্তরে ফুলকুঁড়ি পাখি;

বসন্তের কথা শেষে নড়ে ওঠে রোদ

বনের হাওয়ায় সেসব ভাবা যাক—

মাইল মাইল আমরা আমরাই তো!