ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার আসামি গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার ময়মনসিংহ ৪ নম্বর আমলি আদালতের বিচারক মাহবুব আক্তারের আদালতে শুভ্র হত্যা মামলায় সৈয়দ রফিকুল ইসলামের রিমান্ড আবেদনের শুনানি আমলকালে তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের আবেদন রিমান্ড আবেদন জানান। পরে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন শুভ্র হত্যা মামলায় সৈয়দ রফিকুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ডিবি মামলাটি তদন্ত করছে। এখন পর্যন্ত এই মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাসুদুর রহমান শুভ্র আসন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রচারণায় ছিলেন। গত ১৭ অক্টোবর রাতে পৌর শহরের পানমহালে একদল সন্ত্রাসী শুভ্রসহ তার দুই সহযোগীকে কুপিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ঐদিন রাতে শুভ্রর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে ১৯ অক্টোবর গৌরীপুর থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ নাম উল্লেখ ১৪ জন ও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেছে।