ওটিসির ২১ কোম্পানির বিশেষ নিরীক্ষার উদ্যোগ

দেশের উভয় শেয়ারবাজারের ওভার-দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত ২১টি কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষা করা হবে। একই সঙ্গে ওটিসির তালিকাভুক্ত ৪৩টি কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বিএসইসি। বিএসইসি সূত্রে জানা গেছে, উভয় স্টক এক্সচেঞ্জের ওটিসি মার্কেটকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বিএসইসি। এরই ধরাবাহিকতায় ওটিসির ২১টি কোম্পানির সব আর্থিক এবং অ-আর্থিক তথ্য অনুসন্ধান করা হবে। একই সঙ্গে তাদের মূল্য নির্ধারণের জন্য জমি, বিল্ডিং এবং সম্পত্তির অস্তিত্ব পরীক্ষা করা এবং কোম্পানিগুলোর অপারেশনাল স্থিতি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় যাচাই করা হবে। এছাড়া কোম্পানিগুলোর কমিশনের অনুমতি ছাড়া স্পন্সর এবং বিদ্যমান পরিচালকদের থাকা শেয়ারের পাশাপাশি তাদের সম্পত্তি এবং সম্পদগুলোর কোনো বিক্রয়, বন্ধক, অঙ্গীকার বা হস্তান্তর করার অনুমতি নেই। উল্লেখ্য,, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত দুর্বল ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য বেশকিছু কোম্পানিকে মূলবাজার থেকে আলাদা করে ওটিসি বাজারে স্থানান্তর করা হয়। বর্তমানে ডিএসইর ওটিসি মার্কেটে রয়েছে ৬৪টি ও সিএসইর ওটিসি মার্কেটে ৪৯টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।