পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানকে সরাসরি তালিকাভুক্তির প্রস্তাবনা আলোচ্যসূচি থেকে বাদ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয় থেকে অবকাঠামো খাতের কোম্পানিটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাইরেক্ট লিস্টিংয়ের (সরাসরি তালিকাভুক্তি) কার্যক্রম গ্রহণ না করার অনুরোধ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় বেসরকারি প্রতিষ্ঠান ‘বেস্ট হোল্ডিংস লিমিটেড’-এর লা মেরিডিয়ান হোটেলকে সরাসরি তালিকাভুক্ত না করার নির্দেশনা দেওয়া হয়। বিএসইসির অনুসন্ধানে লা মেরিডিয়ানের ডাইরেক্ট লিস্টিংয়ের বিষয়ে বেশকিছু অনিয়ম উঠে এসেছে। কোম্পানিটিতে বিভিন্ন ব্যক্তির মালিকানা ৫২ দশমিক ০১ শতাংশ। এছাড়া ৪৭ দশমিক ৯৯ শতাংশ মালিকানা রয়েছে প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের। এরমধ্যে সরকারি চার ব্যাংকের মালিকানা ২৯ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে। বিএসইসি ২০১৬ সালের ১ ডিসেম্বর সরকারি কোম্পানি ছাড়া অন্যসব ক্ষেত্রে ডাইরেক্ট লিস্টিং নিষিদ্ধ করেছে; কিন্তু বিধিবহির্ভূতভাবে ডিএসইর পর্ষদ সভায় লা মেরিডিয়ানকে ডাইরেক্ট লিস্টিং করানোর বিষয়ে আলোচনা করার জন্য রাখা হয়েছিল।