লা লিগায় ঘরের মাঠে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। অতিপ্রয়োজনীয় এই জয়ে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষ ৫-এ প্রবেশ করেছে লিওনেল মেসির দল। সিরি আ-তে আটালান্টার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস। জেনোয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এসি মিলান।
এই মৌসুমে বার্সার চিত্রটা যেন এমন; শুরুতে গোল পেলে জিতবে, কিন্তু শুরুতে গোল খেলেই শেষ। তবে এবার সেই দুর্নাম ঘুচালো রোনাল্ড কোম্যানের শিষ্যরা। মৌসুমে প্রথমবারের মতো পিছন থেকে এসে ম্যাচ জিতল, তাও আবার টেবিলের শীর্ষে থাকা রিয়াল সোদিয়েদাদের বিপক্ষে। ন্যু ক্যাম্পে ম্যাচের ২৭ মিনিটে উইলিয়ান জোসের গোলে সোসিয়েদাদ এগিয়ে গেলেও ৪ মিনিট পরই জর্ডি আলবার গোলে সমতা ফেরায় বার্সা। এরপর প্রথমার্ধের শেষদিকে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বাকি ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ১-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সোসিয়েদাদ। তাদের এই পরাজয়ের ফলে আবার টেবিলের শীর্ষস্থান দখল করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
সিরি আ-তে আটালান্টার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জুভেন্তাস। প্রথমার্ধের ২৯ মিনিটে ফেডেরিকো কিয়েজার গোলে এগিয়ে যায় আন্দ্রেয়া পিরলোর দল। দ্বিতীয়ার্ধের দূরপাল্লার এক শটে গোল দিয়ে আটালান্টার হয়ে সমতা ফেরান রেমো ফ্রয়লার। ৬১ মিনিটে পেনাল্টি থেকে দলকে আবার এগিয়ে নেওয়ার সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। ৯০ মিনিট শেষে দুই দলকে তাই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ওদিকে লুইজি ফেরারি স্টেডিয়ামে জেনোয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা এসি মিলান।