মামুনুলসহ হেফাজতের ৩৬ জনের বিরুদ্ধে মামলা

হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফীকে ‘হত্যার’ অভিযোগে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দের আদালতে গতকাল বৃহস্পতিবার এই মামলা করেন আল্লামা শফীর শ্যালক মো. মঈন উদ্দিন। মামলায় সাম্প্রতিক সময় আলোচিত হেফাজত নেতা মামুনুল হকসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।

আসামিদের অধিকাংশই হেফাজতে ইসলামের বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর অনুসারী বলে জানা গেছে। মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, মাওলানা মো. নাসির মুনির, সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার জন্য আলোচনায় আসা হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক, হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, জাকারিয়া নোমান ফয়েজী প্রমুখ। বাদীর আইনজীবী আবু হানিফ জানান, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মানসিক নির্যাতন করে আল্লামা শফীকে হত্যা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন হেফাজতে ইসলামের সদ্যঘোষিত কমিটি থেকে বাদ পড়া কয়েক জন নেতা। তারা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের আমীর হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী। এর আগের দিন আল্লামা শফীর অব্যাহতি এবং তার ছেলে মাদ্রাসার সহকারী পরিচালক আনাস মাদানির বহিষ্কার দাবিতে একদল শিক্ষার্থী মাদ্রাসায় বিক্ষোভ করেন। এই ঘটনায় সেদিন শুরা কমিটির বৈঠকে অসুস্থতার কারণ দেখিয়ে মহাপরিচালকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন আল্লামা শফী।