পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ে চুক্তি সই

পায়রা বন্দরসংলগ্ন চ্যানেল রাবনাবাদ ড্রেজিংয়ে বেলজিয়ামভিত্তিক কোম্পানি জান ডে লুনের সঙ্গে চুক্তি সই করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ চুক্তিতে পায়রা বন্দর কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান কমোডর হুমায়ুন কল্লোল ও জান ডে নুলের প্রকল্প পরিচালক জান মোয়েন্স স্বাক্ষর করেন। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌসচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ইনার ও আউটার চ্যানেলে ৬ দশমিক ৩ মিটার গভীরতা রাখতে মেইনটেনেন্স ড্রেজিং করবে জান ডে নুল। প্রায় ৭৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ১০০-১২৫ মিটার প্রস্থ চ্যানেলে আনুমানিক ৯ দশমিক ৭৫  মিলিয়ন ঘনমিটার পলি অপসারণ করা হবে। ১৮ মাস সময়ের মধ্যে ড্রেজিং কাজ সমাপ্ত করতে প্রায় ৪৩৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হবে। প্রকল্পটির ব্যয় পায়রা বন্দরের নিজস্ব তহবিল থেকে বহন করা হবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী বলেন, পায়রা বন্দর নির্মাণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প। পায়রা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হবে। পায়রা বন্দরসহ বিশাল সমুদ্রসীমার নিরাপত্তার জন্য পায়রা বন্দর এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি এবং ‘শেখ হাসিনা ক্যান্টনমেন্ট’ নির্মাণকাজ চলমান রয়েছে। পায়রা বন্দরকে গতিশীল করতে ড্রেজিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের  রিজার্ভের পরিমাণ ৪২ বিলিয়নে দাঁড়িয়েছে। ক্যাপিটাল ড্রেজিংয়ে কাজটি নিজস্ব অর্থায়নে করতে যাচ্ছি। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে সক্ষম হয়েছি। পদ্মা সেতু পুরোপরি চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের পায়রা বন্দরের গুরুত্ব বেড়ে যাবে।