'মার্কিন নিষেধাজ্ঞায় প্রভাব পড়বে না'

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞা দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, তুর্কি সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংস্থাগুলোর অধিকাংশতেই কোনো প্রভাব ফেলবে না। এমনটিই মন্তব্য করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রেসিডেন্সির (এসএসবি) প্রধান ইসমাইল ডেমির।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা কেবল তুরস্কের সরকারি এজেন্সিগুলোকে লক্ষ্য করে দেয়া হয়েছে। তবে বিদ্যমান চুক্তিগুলোকে এটি প্রভাবিত করবে না, যা ইতোপূর্বে স্বাক্ষরিত হয়েছে।

এই নিষেধাজ্ঞা তুরস্কের ওপর চাপানো হয়নি দাবি করে ইসমাইল ডেমির বলেন, কেবল একটি প্রতিষ্ঠান ও চার ব্যক্তির ওপর মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে।

'মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। কারণ প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক আদর্শের সামনে মাথা নত করতে অস্বীকার করেছে।'

এর আগে গত সোমবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার বিষয়ে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এসএসবি এবং ডেমিরসহ আরো তিন কর্মকর্তাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞাটি জারি করা হয়।

এই পদক্ষেপটি ওয়াশিংটন এবং আঙ্কারার সম্পর্কের এমন এক সূক্ষ্ম সময়ে এসেছে, যখন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পর গত এক বছরেরও বেশি সময় ধরে তুরস্কের সঙ্গে এ নিয়ে মতবিরোধ চলছে। একই সময়ে তুরস্ক সিরিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান এবং পূর্ব ভূমধ্যসাগরে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে।

ইত্তেফাক/টিআর