ফতুল্লায় একটি তিন তলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুই জন নিহত ও দুই জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানার রামারবাগ এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, ৯ বছরের শিশু জিসান ও রাজ্জাক। আহতদের এক জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঐ বাড়ির ভাড়াটিয়ারা বিজয় দিবসের ছুটিতে গ্রামের বাড়ি চলে গেলেও পাশের বাড়ির দুইটি কক্ষে অবস্থান করছিল ভাড়াটিয়া রাজ্জাক ও শিশু জিসান। সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে সেফটি ট্যাংকি বিস্ফোরণ ঘটে। এ সময় বাড়ির নিচতলার ফ্লোরসহ ভবনটির দুই পাশের দেওয়াল ধসে পাশের ভবনের ওপর গিয়ে পড়ে। এতে রাজ্জাক (৩২), জিসান (৯), গৃহবধূ শাহিদা (৩৫) ও শাকিব (১০) গুরুত্বর আহত হয়। এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক জিসানকে মৃত ঘোষণা করেন। পরে চিকিত্সাধীন অবস্থায় মারা যান রাজ্জাক। স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক রুমের ভেতরে সেপটিক ট্যাংক তৈরি করলেও গ্যাস নির্গত হওয়ার জন্য কোনো পাইপ লাগানো হয়নি। যে কারণে সেপটিক ট্যাংকির ভেতরে সৃষ্টি হওয়া গ্যাসের বিস্ফোরণ ঘটেছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেন। ফতুল্লা থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।