দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে বিএনপির দেওয়া কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। ৭২ ঘণ্টার মধ্যেই তিনি শোকজের জবাব দেন। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন। রিজভী আরো বলেন, বুধবার রাতেই শওকত মাহমুদের দেওয়া শোকজের জবাব হাতে পেয়েছি। জানা গেছে, শওকত মাহমুদ ইতিবাচক জবাব দিয়েছেন।
গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগ এনে এ বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব ৭২ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছিল নোটিশে। শওকত মাহমুদ ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাকে পাঁচ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মেজর (অব.) হাফিজ শোকজের জবাব দেবেন কি না তা জানা যায়নি। তবে আগামীকাল শনিবার এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন ডেকেছেন। হাফিজ উদ্দিন বলেন, আমি নিজের অবস্থান তুলে ধরব সংবাদ সম্মেলনে। সেখানেই আমার বক্তব্য আমি দেব। এক্ষেত্রে দল থেকে পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নে হাফিজ উদ্দিন বলেন, চিন্তাভাবনা করছি।