অস্ত্র-বিস্ফোরক আইনের মামলার বিচার চলবে

দেড় যুগ আগে সাতক্ষীরায় তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এছাড়া একই ঘটনায় করা অস্ত্র মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিদের আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর শুনানি করেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে ৩১ আসামির আপিল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে এ মামলার পরবর্তী কার্যক্রম যথারীতি চলবে। এছাড়া অস্ত্র আইনের মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিদের আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। এই পর্যবেক্ষণের আলোকে অভিযোগ গঠন করতে বলেছে আদালত।

প্রসঙ্গত ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান তত্কালীন বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সড়ক পথে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে আহত হন শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা। এ ঘটনায় পরে বিভিন্ন আইনে একাধিক মামলা করা হয়।