আগামী সপ্তাহে করোনা টিকা নেবেন বাইডেন

আগামী সপ্তাহে করোনা টিকা নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে সংশয় দূর করতে জনসম্মুখে এ টিকা নেবেন তিনি। বাইডেনের ট্রানজিশন টিমের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বুধবার এক অনুষ্ঠানে ভ্যাকসিন নিয়ে কথা বলেন বাইডেন। তিনি বলেন, ‘টিকা নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনও অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই, এটি নেওয়া যে নিরাপদ আমেরিকার জনগণকে আমরা তা দেখিয়েছি।’ এর আগে হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্যাকসিন নেওয়ার দিনক্ষণ জানানো হবে না। চিকিত্সকদের পরামর্শে যথাসময়েই টিকা নেবেন তিনি।

সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে গণহারে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকিসন অনুমোদন করা হয়েছে।