বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাষণ বাজিয়ে পদ অপসারিত হলেন রাজশাহীর তানোর উপজেলার সরকারি আব্দুল করিম সরকার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ। গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো তাকে অপসারণের আদেশে স্বাক্ষর করেন।
ইউএনও’র আদেশে বলা হয়, ‘দায়িত্ব ও প্রশাসনিক কাজে অবহেলার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আজিজকে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে অব্যাহতি প্রদান করা হলো। একই আদেশ কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল আজিজকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।’
জানা যায়, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে ওই কলেজে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পরিবর্তে মাইকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হয়। এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এটি ভুলবশত হয়েছে বলেও দাবি করেন কলেজের অপসারিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ।
আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, বিজয় দিবসের সকালে শিক্ষক কর্মচারীরা কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ওই সময় কলেজের নিজস্ব সাউন্ড সিস্টেমে বাজতে শুরু করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ। বিষয়টি প্রথমে কেউই খেয়াল করেনি। তবে পাশের গোল্লপাড়া বাজারে অবস্থানকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাষণ শুনে কলেজে ছুটে এসে সেটি প্রচার বন্ধ করেন।
আরও পড়ুন: টেকনোলজি ট্রান্সফার করে বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদন করা হবে: ডিজি ওষুধ প্রশাসন
কীভাবে এমন ঘটনা ঘটল জানতে চাইলে কলেজের অপসারিত অধ্যক্ষ আব্দুল আজিজ বলেন, মঙ্গলবার কলেজের পিয়ন আরিফ ও ফুলকুমারকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি মেমোরি কার্ডে তুলে আনতে স্থানীয় মাইক সার্ভিসে পাঠানো হয়। সেখান থেকে বঙ্গবন্ধুর ভাষণের পরিবর্তে জিয়াউর রহমানের ভাষণ দেওয়া হয়। বিষয়টি তারা আগে বুঝতে আগে পারেননি।
তবে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সরকারি আবদুল করিম সরকার কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ আগে তানোরের তালন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। ২০১৩ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। কিছুদিন আগে তাকে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
ইত্তেফাক/এসি