মো. শাহাদাত হোসেন নিশাদ
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনকে জোরেশোরেই করোনার ধাক্কা মোকাবিলা করতে হচ্ছে। তবে সেই ধাক্কা সামলাতে বেশ দক্ষতার পরিচয় দিচ্ছে দেশটি। ইতিমধ্যেই সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে তারা। এবার অর্থনীতিতে গতি ফেরাতে একগুচ্ছ নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে দেখা যায়, মহামারির কারণে বছরের মাঝামাঝি এসে চীনে মোট খুচরা পণ্য বিক্রি কিছুটা কমলেও শেষের দিকে আবারও তা বাড়তে শুরু করেছে। গত বছরের তুলনায় এবারের অক্টোবরে দেশটিতে মোট খুচরা পণ্য বিক্রি বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ।
জানা যায় চীনের স্টেট কাউন্সিল বা মন্ত্রিসভার বৈঠকে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির এই ধারা আরো গতিশীল করতে বেশ কিছু কৌশলগত পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে স্থানীয় কর্তৃপক্ষগুলোকে ক্রয়সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন পরিকল্পনায় চীনের গ্রামাঞ্চলে গাড়ি কিনতে ক্রেতাদের উত্সাহিত করা হবে এবং পুরোনো গাড়ি বদলে নেওয়ারও সুযোগ দেওয়া হবে। বিভিন্ন স্থানে পার্কিং লট এবং চার্জিং পাইল (ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার জায়গা) নির্মাণ বাড়ানো হবে। যেসব অঞ্চলে অনুমতি রয়েছে, সেখানে পুরোনো স্থাপনাগুলোর জন্য গ্রিন স্মার্ট প্রযুক্তি এবং পরিবেশবান্ধব আসবাবপত্র কেনায় ভর্তুকির ব্যবস্থা করা হবে। পরিবেশন খাতে সেবাদাতাদের মেন্যু উন্নত করা বা এতে বৈচিত্র্য আনতে উত্সাহিত করা হবে। পাশাপাশি, সেবার মানও বাড়ানো হবে। চীনের বিভিন্ন কাউন্টি, গ্রাম ও উপশহরগুলোতে ব্যাবসায়িক স্থাপনা নির্মাণে আরো গতি আনার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
স্থানীয় বাজারগুলোতে ভুয়া বা নিম্নমানের পণ্যের প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে তারা। তবে এসব পদক্ষেপের মধ্যে কিছুটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইন্টারনেট প্লাস ট্যুরিজমে। দেশটির পর্যটনকেন্দ্রগুলোতে ইলেকট্রনিক মানচিত্র, অডিও গাইডের মতো অত্যাধুনিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে ডিজিটাল এক্সিবিশন ভেন্যু তৈরিতেও উত্সাহিত করছে চীন সরকার।