খুলনায় চরমপন্থিদল বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এম-এল) সাবেক সদস্য মোল্লা হেমায়েত হোসেন লিপুকে (৪২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফুলতলা গরুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। লিপু ফুলতলা উপজেলার তাজপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মোল্লার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হেমায়েত হোসেন লিপু ফুলতলা গরুর হাট এলাকায় ৪/৫ জনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুজন সন্ত্রাসী এসে তার পেট ও মুখে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খুলনার
পুলিশ জানায়, ২০১৯ সালের মে মাসে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ফুলতলা থানার ৩৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করে। তার মধ্যে হেমায়েত হোসেন লিপু ছিলেন একজন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাবউদ্দিন বলেন, লিপু এক সময় চরমপন্থি দলের সঙ্গে জড়িত ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।
ইত্তেফাক/ইউবি