বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিনকে।
গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তরিকুল ইসলাম নয়নের বিরুদ্ধে আনা অভিযোগ সরেজমিন তদন্তে প্রমাণিত হওয়ায় পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: জলাশয়ে বাঁধ দেওয়া নিয়ে বিরোধ, মাইকে ঘোষণা দিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষ
আরও উল্লেখ করা হয়, উক্ত অনাস্থা প্রস্তাবের বিষয়ের গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। অনাস্থা প্রস্তাবের পক্ষে নয়টি ভোট পড়ে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ জানান, তিনি গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি জারি এবং প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেন।
এদিকে মো. তরিকুল ইসলাম নয়ন জানান, তিনি উচ্চ আদালতে আপিল করবেন।
ইত্তেফাক/এসি